দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সাগীর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঘটে এ ঘটনা।
জানা গেছে, সকালেই দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। নাজিরেরবাগ সড়কের কাছে পৌঁছালে হঠাৎ দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘাড়ে কোপ লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতের স্ত্রী টিনা বলেন, “সকালেই দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিল। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে দিয়েছে। আমাদের পরিবার কারও সঙ্গে কোনো শত্রুতা রাখে না। কেন এমন হলো, আমি বুঝতে পারছি না।”
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সাগীর চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও সন্তানকে নিয়ে ইসলামপুর থেকে নাজিরেরবাগে ভাড়া বাসায় উঠেছিলেন। এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া সিআইডির সহযোগিতায় প্রাথমিক তদন্তও শুরু হয়েছে।
ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের পরিচয়, পারিবারিক প্রেক্ষাপট ও ঘটনাস্থলের তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাটি ঘটতে পারে। তবে তদন্তের অগ্রগতি অনুসারে বিস্তারিত জানা যাবে।”

মতামত দিন