ময়মনসিংহে সাবলেটের ফাঁদে কলেজছাত্র, আটক ২ তরুণী।
ময়মনসিংহে বাসা ভাড়ার প্রলোভনে ফেলে অনার্স প্রথম বর্ষের এক ছাত্রকে আটকে রেখে মারধর ও সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে তিনি প্রতারণার শিকার হন।
ভুক্তভোগী নাজমুল হাসান আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী। জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দা এই তরুণ বর্তমানে নগরের মীরবাড়ি এলাকায় মেসে থাকেন। ট্রেনের শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তিনি নতুন বাসা খুঁজছিলেন।
তার ভাষ্য, ফেসবুক গ্রুপে ‘টু-লেট ময়মনসিংহ’ নামের বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন। জানানো হয়, দম্পতির একটি ফ্ল্যাটে একটি কক্ষ খালি আছে। বিকল ল্যাপটপ মেরামতের পথে বাসাটি দেখতে গেলে গুলকিবাড়ীর একটি ভবনে তাকে নিয়ে যাওয়া হয়।
সেখানে চারজন নারী ও চারজন যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা মারধর করে মোবাইল ফোন, ল্যাপটপ ও সঙ্গে থাকা নগদ অর্থ কেড়ে নেয়। পরে এটিএম বুথ থেকে আরও ২০ হাজার টাকা তুলে নিতে বাধ্য করে। শেষে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।
নাজমুলের কাছ থেকে জোর করে একটি লিখিত জবানবন্দিও নেয় চক্রটি, যাতে বোঝানো যায় তিনি অনৈতিক কাজে এসেছিলেন। হুমকি দেওয়া হয় বিষয়টি ফাঁস করলে ক্ষতি করা হবে।
ঘটনার পর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করে। তারা হলো সাদিয়া জাহান মেঘলা (২১) ও ফারিয়া আক্তার পায়েল (১৯)। দুজনের বাড়িই কিশোরগঞ্জের তাড়াইলে।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে শিক্ষার্থীর ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আটক দুই তরুণীকে আদালতে সোপর্দ করা হবে এবং অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মতামত দিন