নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৪।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে আক্তার হোসেনের (৪২)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আক্তার গুরুতর আহত হয়ে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের বাড়ি ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের পরিবারে।
স্থানীয় সূত্র বলছে, আব্দুল হেলিম ও জসিম উদ্দিন নামের দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে পাঁচজন আহত হয়। পরদিন সকালে ফের দুই পক্ষ মুখোমুখি হলে বড় ধরনের সংঘাত বাঁধে।
সংঘর্ষের একপর্যায়ে জসিম উদ্দিনের ভাই আক্তারকে প্রতিপক্ষের লোকজন ঘিরে ধরে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়। অভিযুক্তরা পালিয়ে যায়।
মা হাজেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সামান্য জমির জন্য আমার ছেলেকে সবাই মিলে মেরে ফেলল। সে নির্দোষ ছিল। আমি হত্যাকারীদের বিচার চাই।”
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, ঘটনাস্থল নিয়ন্ত্রণে এসেছে। চারজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন