অপরাধ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে জমি ও টাকার জন্য মাকে গলা কেটে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে।

নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে বুধবার দিবাগত মধ্যরাতে ঘটে নৃশংস এ হত্যাকাণ্ড। জমি ও টাকা না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত করুনা ভদ্র (৬৫) তিন সন্তানের জননী এবং মৃত বাঁশি ভদ্র সরকারের স্ত্রী। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর আলম মামুন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে রবি ভদ্র (৪২) পলাতক।

ওসি এ.আর আলম মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মাকে হত্যা করে ঘরের বাইরে গেটে তালা ঝুলিয়ে পালিয়েছে ছেলে রবি ভদ্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও পরিবার জানায়, করুনা ভদ্রের নামে বাড়ির ১১৪ শতাংশ জমি এবং পোস্ট অফিসে প্রায় ৯ লাখ টাকা ছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ রবি ভদ্র মাকে জমি ও টাকা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে মা ও ছোট ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বুধবার এ নিয়ে ঝগড়া হয়। রাতে করুনা ভদ্র তার নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন, আর পাশের ঘরে ছিলেন বড় ছেলে ও তার স্ত্রী।

রবি ভদ্রের স্ত্রী জয়া ভদ্র জানান, গভীর রাতে মেয়ের কান্না শুনে তিনি পাশের ঘরে যান। তখন দেখেন মেয়ের শরীর রক্তে ভিজে গেছে এবং শাশুড়ি রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন। সে সময় তার স্বামী ঘরে ছিলেন না। বাইরে বারান্দার গেটে তালা ঝুলানো অবস্থায় দেখতে পান তিনি।

মতামত দিন