অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনা বেতার থেকে চুরি হওয়া গুলি উদ্ধার, গ্রেপ্তার ২।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া ৪১ রাউন্ড গুলি ও চারটি চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত গুলি তারা চুরি করে। উদ্ধারকৃত গুলি তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তাররা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর শের-এ বাংলা রোডের লায়নস স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত গুলি ও চার্জারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অস্ত্র-গোলাবারুদ চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে।

মতামত দিন