রংপুরে বাগান থেকে ১০ বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার।
রংপুর মহানগরীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শুটকির আড়তের পাশে বাউন্ডারি ঘেরা একটি বাগানে তল্লাশি চালিয়ে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, একটি সাদা প্লাস্টিকের দুটি বস্তা বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। উদ্ধার করা সামগ্রী থানায় নিয়ে এসে জিডির মাধ্যমে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্দুকগুলো মূলত ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীরা ব্যবহার করে থাকে। তবে এগুলো সেখানে কীভাবে এলো, কারা রেখে গেছে এবং কী উদ্দেশ্যে সেখানে লুকানো হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন