টাঙ্গাইলের মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল জব্দ।
টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ করা ৩ টনের বেশি চাল জব্দ করেছে। সোমবার (২৫ আগস্ট) রাতের দিকে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, সরকারি চাল দোকানটিতে মজুত রাখা হয়েছে এবং কিছু চাল খোলা বাজারেও বিক্রি করা হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৯০০ কেজি চাল বাজেয়াপ্ত করা হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তার তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানার পুলিশ সদস্যরা।
মতামত দিন