কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক সুজন আটক।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্টেশনের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। রাত ১টার দিকে চিকিৎসক শ্যামলীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহতের বাড়ি নাটোরে। শ্যামলী রাজধানীর আজিমপুর এলাকায় থাকতেন। আটক সুজনের বাড়ি পাবনা। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ওসি বলেন, “সম্পর্কের টানাপোড়েন থেকেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, রাত ১১টার দিকে খবর আসে যে ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক নারীকে কুপিয়ে ফেলা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শ্যামলীর মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সুজনকে আটক করা হয়েছে, তদন্তে বিষয়টি স্পষ্ট হবে।
মতামত দিন