চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ তৈরি করে পিটুনিতে আহত দুই কিশোরের অবস্থা গুরুতর।
আহতরা হলেন—মোহাম্মদ মানিক (১৫) ও ফারহান তানভীর রাহাত (১৪)। মানিককে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, আর রাহাতের পায়ে ফোলা এবং শরীরে জ্বর রয়েছে। মানিক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১১ নম্বর শয্যায়, এবং রাহাত ২৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মানিক দীর্ঘ সময় চোখ খুললেও কথা বলতে পারছেন না এবং শরীরের চলাচলও সীমিত। তিনি হাত, পা, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। মানিকের মা রোজিনা আকতার বলেন, “গত শনিবার সে আমাকে ‘মা’ বলে ডেকেছিল, তারপর আর ডাক শুনতে পাইনি। এখনো স্বাভাবিক নেই।”
রাহাতের মা রোজি আকতারও ছেলে রাহাতের অবস্থার জন্য উদ্বিগ্ন। তিনি জানান, সোমবার থেকে রাহাতের জ্বর বেড়ে গেছে, ডান পা ফুলে গেছে। তিনি আহত দুই কিশোরের দ্রুত সুস্থতার পাশাপাশি ঘটনার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সূত্রে জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে গত ২২ আগস্ট ভোরে বাড়ি ফেরার পথে মানিক, রাহাত ও মাহিনকে কিছু যুবক চোর বলে অভিহিত করে ধাওয়া দেয়। পরে চেঙ্গারমুখ ব্রিজে তাদের ধরে রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হয়। এই ঘটনায় রিহান উদ্দিন মাহিন (১৫) মারা যান।
নিহত মাহিন কাঞ্চননগর ইউনিয়নের সাগর মোহাম্মদ তালুকদারের একমাত্র ছেলে। আহতরা স্থানীয় ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই অভিযানের মাধ্যমে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন