যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর।
ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু হত্যার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান প্রথমে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গত ১৭ আগস্ট তার বাবা, মাইটিভি চ্যানেলের চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। আদালত পরদিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এবং ২৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। নিহতের বাবা জয়নাল আবেদীন এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনকে আসামি করেন।
মামলায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত।
মতামত দিন