অপরাধ
ছবি: সংগৃহীত

মওলানা ভাসানী সেতুতে এবার রিফ্লেক্টর লাইট চুরি, নিরাপত্তা নিয়ে ক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে সম্প্রতি নির্মিত মওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিনের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। স্থানীয়রা বলছেন, সেতু ও সংযোগ সড়কে পর্যাপ্ত নিরাপত্তা নেই।

সন্ধ্যার পর পুরো সেতু অন্ধকারে ঢেকে যাচ্ছে।

উদ্বোধনের দিন রাতেই দেখা গেছে, ল্যাম্পপোস্টের কিছু আলো জ্বলছে না। পরের দিন জানা যায়, বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ রেশ কাটতে না কাটতেই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়ে গেছে।

বাসিন্দারা জানাচ্ছেন, নিরাপত্তা না থাকায় এই ধরনের চুরি ঘটছে এবং কিছু ক্ষেত্রে পেছনে ষড়যন্ত্রও থাকতে পারে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরেছেন এবং পুলিশকে অবহিত করা হয়েছে। চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বিদ্যুতের ৩১০ মিটার তারের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা, নতুন সংযোগের কাজ চলছে।

সেতুটি ২০ আগস্ট উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ১,৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৬ মিটার প্রস্থের সেতুটি ৯২৫ কোটি টাকায় নির্মিত হয়েছে। বাংলাদেশ সরকার ও সৌদি ও ওপেক ফান্ডের অর্থায়নে এলজিইডি বাস্তবায়ন করেছে।

সেতুটি হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে সংযুক্ত করেছে। এতে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমবে এবং যাত্রার সময় সাড়ে তিন থেকে চার ঘণ্টা কমবে। দুই জেলার অর্থনীতি ও জীবনযাত্রায় এর প্রভাব ইতিবাচক হবে।

মতামত দিন