অপরাধ
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় সংস্থাটি।

যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।একইসঙ্গে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। মোট ২৫ জনকে নামীয় এবং অজ্ঞাত প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১৭ আগস্ট একই মামলায় ২২ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদির বাবা, ‘মাই টিভি’-র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার দাবি করে আলটিমেটাম দিয়েছিল ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)’। সংগঠনটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অভিযোগ করেছিল, তিনি শুধু সাম্প্রতিক নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইন সময়েও অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন—যা নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়।

মতামত দিন