চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ তৈরি করে কিশোরকে পিটিয়ে হত্যা।
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ তৈরি করে পিটিয়ে হত্যা করা হয়েছে ১৫ বছরের কিশোর রিহান উদ্দিন মাহিনকে। শুক্রবার ভোরে কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গারমুখ ব্রিজ এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে।
মাহিনের বাবা মোহাম্মদ লোকমান দাবি করেন, ভোর থেকে সকাল পর্যন্ত টানা পেটানো হয় তার ছেলেকে। পানি চাইলে সেটাও দিতে অস্বীকার করে হামলাকারীরা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “চোখের সামনে ছেলেকে মারল, বাঁচাতে গেলে আমাকেও পেটাল।”
পরিবার জানায়, মাহিন কক্সবাজার থেকে ভ্রমণ শেষে বন্ধু মানিক ও রাহাতকে নিয়ে রাতে বাড়ি ফিরছিল। ভোরে এলাকায় পৌঁছালে কিছু প্রতিবেশী তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া করে। প্রাণভয়ে তারা নির্মাণাধীন একটি ভবনের ছাদে আশ্রয় নিলেও সেখান থেকে টেনে নামিয়ে রশি বেঁধে ব্রিজের পাশে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যায় মাহিন।
শুক্রবার রাতেই জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেওয়া শত শত মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নিহতের মা খাদিজা বেগম বলেন, “আমার ছেলেকে শত্রুতার জেরে খুন করা হয়েছে। বিচার না হলে স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করব।”
ঘটনার পর মাহিনের মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি নুর আহমদ বলেন, “এটি একই এলাকার মধ্যে ঘটে যাওয়া ঘটনা। আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি বলেন, “রাষ্ট্র ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে। অপরাধীরা যে-ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন