সিরাজগঞ্জের নৌকা ঘাট এলাকা থেকে সরকারি খাদ্য সহায়তার ৩৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি খাদ্য সহায়তার ৩৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের পাশে নৌকা ঘাট এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জালালপুর ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ চাল ডিলারদের কাছ থেকে অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে সরানো হচ্ছিল। এ ঘটনায় চাল বহনকারী নৌকার মালিকসহ সংশ্লিষ্টদের আটক করা গেলে পুরো ঘটনা পরিষ্কার হবে বলে মনে করছেন এলাকাবাসী।
চৌহালীর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভর্তুকির চাল কিছু অসাধু ব্যক্তি গুদামে জমা করে ব্যবসায়িকভাবে বিক্রির চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি এনায়েতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
মতামত দিন