পাবনার চতরা বিল থেকে গোপন অস্ত্র কারখানা ধ্বংস, দুইজন গ্রেফতার।
পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিল এলাকায় এক গোপন অস্ত্র তৈরির কারখানা পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করেছে। সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান পরিচালনা করে পুলিশ একটি রিভলভার, তিনটি গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে।
আটকরা হলেন— নিয়ামতপুর গ্রামের মনির হোসেন (৪০) এবং খোদাইপুর গ্রামের রেজাউল করিম (৪২)।
ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ময়েজ বাহিনী এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত সরঞ্জামে ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং ও ড্রিল মেশিন, ওয়েল্ডিং সরঞ্জাম, লোহার পাত এবং গানপাউডার রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, স্থানীয় ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যেই অস্ত্র তৈরি করা হচ্ছিল। মূলহোতা ফজলু ও ময়েজ একটি বড় অস্ত্র নেটওয়ার্ক গড়ে তুলছিল।
স্থানীয়রা জানিয়েছেন, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে রাতে ময়েজ বাহিনী অস্ত্র মহড়া দিত, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করত।
অস্ত্র কারখানাটি ধ্বংস করা হয়েছে এবং অন্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত দুইজনকে আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মতামত দিন