অপরাধ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণসহ তিনজন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় ৮৮৭ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের ভেতরে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। ধৃতরা হলেন—মো. সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।

এপিবিএনের কর্মকর্তারা জানান, সকালে বহির্গমন টার্মিনালের গোলচত্বর এলাকা থেকে সালেহ ফয়সালের কাছে ২৯৩ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। কিছুক্ষণ পর ২ নম্বর আগমনী টার্মিনাল থেকে মাসুম রানার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর দুপুরে একই টার্মিনালের মিডিয়া কর্নারের কাছে মনিরুল ইসলামের কাছে পাওয়া যায় আরও ৩৯৫ গ্রাম স্বর্ণ, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং তারা বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে এসব স্বর্ণ গ্রহণ করে দেশে আনার কাজ করত।

ঘটনার পর বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের হয়েছে। আটক মাসুম রানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এপিবিএন–১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান প্রতিরোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে আছি। বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মতামত দিন