নারায়ণগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যার মূল আসামি নীরব গ্রেফতার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে র্যাব গ্রেফতার করেছে। শনিবার (১৬ আগস্ট) রাতের দিকে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (১৭ আগস্ট) র্যাব-১১ ব্যাটেলিয়নের স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, গ্রেফতার নীরব ভোলা জেলার বোরহানউদ্দিন থানার খানবাড়ি এলাকার চান্দু খাঁ’র ছেলে।
এর আগে গত ১৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সওজ কলোনির পাশে একটি টিনশেড ঘর থেকে সাবিনা আক্তার লাকির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মৃতার গলায়, গালে ও ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তিনি ওয়ারী থানার গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং স্বামী মো. রুবেলের স্ত্রী ছিলেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, নীরব গত তিন বছর ধরে শিমরাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং নিহত সাবিনা বিভিন্ন সময় নীরবের বাসায় যাতায়াত করতেন। পরকীয়া সম্পর্কের ভিত্তিতে নীরব পরিকল্পিতভাবে সাবিনাকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নীরবের অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করানো হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন