কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা, দুইজন আটক।
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের ঘটনায় দুইজনকে আটক করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এ ইয়াবা ধরা পড়ে। আটককৃতদের মধ্যে রয়েছেন মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। জানা গেছে, তানভীর বিমানবন্দরের প্রাক্তন কর্মকর্তা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, জাকির হোসেন ঢাকা যাওয়ার জন্য ইউএস বাংলার ফ্লাইটে উঠতে আসেন। তাকে বিদায় দিতে তানভীর আহমদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সকাল সোয়া ১০টার দিকে জাকিরের সঙ্গে থাকা স্পোর্টস ব্যাগটি স্ক্যানিং মেশিনে দিলে তল্লাশি করে দুটি ক্রিকেট ব্যাটের মধ্যে লুকানো ৫,১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

মতামত দিন