সিলেটে ভোলাগঞ্জ পাথর লুট: অজ্ঞাত ২ হাজারকে আসামি করে মামলা।
সিলেটের ভোলাগঞ্জ এলাকার পাথর লুটকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব শুক্রবার রাতের দিকে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কিছু দুষ্কৃতিকারী ভোলাগঞ্জের সরকারি পাথর কোয়ারি থেকে কোটি টাকার পাথর অবৈধভাবে তুলে নিচ্ছে। যদিও এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, এই লুটকাণ্ড খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১) লঙ্ঘন করেছে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করা হয়েছে, তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সিলেট থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ঘনফুট সাদাপাথর। স্থানীয় পরিবেশকর্মী ও ব্যবসায়ীদের ধারণা, গত এক বছরে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

মতামত দিন