অপরাধ
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নাস্তার বিল ও পূর্বের বাকি টাকা নিয়ে বিবাদের জেরে গোলাগুলি, দুজন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে বুধবার (১৩ আগস্ট) নাস্তার বিল ও পূর্বের বাকি টাকা নিয়ে বিবাদের জেরে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও কর্মচারী সেলিনা বেগম (৪২) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারের হোটেলে নাস্তা শেষে বিল পরিশোধ না করার চেষ্টা করায় অসীম তাকে বিলসহ বাকি টাকা দিতে বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে অসীমের দিকে তিনটি গুলি ছুঁড়ে। আহত অবস্থায় অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসেন সেলিনা বেগম। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত দুজনকে স্থানীয়রা গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।

গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিনু জানান, অসীম বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার প্রয়োজনীয় চিকিৎসা চলেছে, তবে সেলিনা চিকিৎসা না নিয়ে ফিরে গেছেন।

সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত গোলাপকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, অস্ত্রের প্রকৃতি ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে গোলাপ মাদক, অস্ত্র ব্যবসা ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত এবং তার কারণে এলাকায় ভয়ে কেউ তাকে প্রতিবাদ করতে সাহস পেত না। জনগণ দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন