অপরাধ
ছবি: সংগৃহীত

সিগারেট না পেয়ে দোকানির কানের পাতা কামড়ে ছিঁড়ে দিলো যুবক।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচামাদিয়া গ্রামে সিগারেটের বাকিতে না দেওয়ায় এক যুবক দোকানির  ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার প্রধান অভিযুক্ত সুমন হোসেন (২০) নামে ওই যুবককে দায়ী করেছে স্থানীয়রা।


সোমবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন সিগারেট নেয়ার জন্য গেলে দোকানি তাকে পূর্বের বকেয়া টাকা পরিশোধ করার কথা জানিয়ে সিগারেট দিতে অস্বীকার করেন। এতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সুমন দেশীয় হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাত করার চেষ্টা করলে ব্যর্থ হন। পরে ক্ষুব্ধ হয়ে তিনি দোকানির কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করান। আহত ব্যক্তি ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।

ঘটনার পর ক্ষতিগ্রস্তের বড় ভাই নাজমুল ইসলাম মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, ‘রোববার সকালে সুমন সিগারেট নিতে এসে বকেয়া টাকা না দেওয়ায় ভাইয়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পরে সুমন কানের পাতা কামড়ে ছিঁড়ে দেয়।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মতামত দিন