খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের।
খুলনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় মামলাটি দায়ের করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামির মধ্যে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এমএম মুজিবুর রহমান পলাতক রয়েছেন। তাকে ও অপর আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে এমএম মুজিবুর রহমানকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামে গ্রুপগুলোর মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে আবেদন করলে ৪ আগস্ট অনুমোদন দেওয়া হয়। এর পর সোমবার মামলা দায়ের করা হয়।
মতামত দিন