সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত সম্পন্ন:গলা,ঘাড়,বুক,পিঠ ও হাতে মোট ৯টি গভীর আঘাতের চিহ্ন।
গাজীপুরের বাসন থানায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফরেনসিক পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে অন্তত নয়টি গভীর ও মারাত্মক কোপের চিহ্ন রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের কর্মকর্তারা জানান, এসব আঘাতের প্রতিটি এককভাবে মৃত্যুর কারণ হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে একজন শাহজালাল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রিমান্ড শেষে আদালতে তাদের হাজির করে বিচারকের কাছে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, “তুহিন সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ভিডিও ধারণ করছিলেন। তার এই ত্যাগ অপরাধ দমনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
এ ঘটনার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন