চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশের এসআইকে কুপিয়ে জখম।
চট্টগ্রাম নগরীতে মঙ্গলবার (১২ আগস্ট) আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে গুরুতর জখম করেছে দলের নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় পুলিশ একটি দল মিছিলে বাধা দেয়ার সময় ১০-১২ যুবক তাদের ধাওয়া করে। এসআই আবু সাঈদ রানা ধাওয়া-পিছু হটতে গিয়ে মাটিতে পড়ে যান এবং এরপর কুপিয়ে জখম হন।
আহত পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিলে অংশ নেওয়ায় পুলিশ তাদের ধরতে গেলে হামলা চালানো হয়।
ওসি আফতাব উদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার নেতৃত্ব দেওয়া যুবলীগ ক্যাডার শাকিলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মতামত দিন