অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: শেষ আসামি আরমান গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার শেষ পলাতক আসামি আরমানকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১১ আগস্ট) রাতে গ্রেফতারের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা যাকে দেখা গেছে, তিনি আরমান। হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল এবং অবশেষে রাজধানীতে তাকে ধরা হয়।

গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছিলেন, তদন্তে আটজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হলেও শহিদুল নামে একজনকে প্রমাণের অভাবে মামলার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

পুলিশ জানায়, হত্যার অস্ত্র উদ্ধার হয়েছে এবং ভিডিও ফুটেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলেই দ্রুত চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা তুহিনকে তাড়া  করে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে গিয়ে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

নিহত তুহিনের বড় ভাই সেলিম পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ, র‌্যাব ও পিবিআই-এর যৌথ অভিযানে ধাপে ধাপে সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় থাকতেন।

মতামত দিন