তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর-জামাই নিহত, ৪ জন গ্রেপ্তার।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত জামাই ও শ্বশুর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার বুড়িরহাট ও আশপাশের এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের এবাদত হোসেন (৩৫), বুড়িরহাটের আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৪০) এবং রহিমাপুরের মিজানুর রহমান (২৬)। মামলায় নাম উল্লেখ ছাড়াও আরও ৫০০–৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, নিহত রূপলাল ও তার ভাগনি জামাই প্রদীপ দাসকে চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে ধরা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল শনিবার (৯ আগস্ট) বুড়িরহাট বটতলীতে। এ ঘটনায় রোববার নিহত রূপলালের স্ত্রী মালতী ওরফে ভারতী রাণী হত্যা মামলা দায়ের করেন।

মতামত দিন