কমলগঞ্জে ছাত্রদল নেতা রাফি হত্যা: পুলিশের রহস্য উদঘাটন।
মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাইকে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম রাফি স্থানীয় সিদ্ধেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, ৯ আগস্ট সকালে বাড়িতে একা পেয়ে রাফিকে ধারালো দা দিয়ে আঘাত করে হত্যা করে তার ছোট ভাই। ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় ওইদিনই তাকে হেফাজতে নেওয়া হয়। সোমবার (১১ আগস্ট) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তদন্তে জানা গেছে, ঘটনার আগের রাতে রাফির কাছে ৫০০ টাকা চাইলে না দিয়ে অপমান করে বড় ভাই। ক্ষোভে পরদিন সকালে সে খাটের নিচে রাখা দা দিয়ে হামলা চালায়। হত্যার পর অস্ত্র ও রক্তমাখা কাপড় ধুয়ে লুকিয়ে রেখে স্বাভাবিক আচরণ করতে থাকে।
তবে পুলিশ মনে করছে, হত্যার পেছনে পারিবারিক দ্বন্দ্বও ছিল বড় কারণ। বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়ের শাসন, মাদ্রাসায় থাকার জন্য চাপ এবং পারিবারিক অমতে বিয়ে করায় ছোট ভাইয়ের মনে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যার অস্ত্র ও কাপড় উদ্ধার করা হয়েছে। নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
মতামত দিন