গাজীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়ার চা ঘর’ নামের একটি অস্থায়ী দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যান। চটের বিছানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এসময় রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে আঘাত করে এবং রবিনের হাত কেটে যায়।
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেন। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিহত ও আটককৃতরা ভাসমান এবং মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন