গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে আহত, গ্রেফতার একজন।
গাজীপুরে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ ফারিদ নামে একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে আনোয়ারা হোসেন বাদী হয়ে মহানগর সদর থানায় মামলা করেন। মামলায় ফরিদ, সৌরভ, রক্তিমসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ পরবর্তী অভিযান চালিয়ে গাজীপুরের কলাপট্টি এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করে।
জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর মেট্রো থানার কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও কেউ এগিয়ে আসেনি।
হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেললাইনের উত্তর পাশের ফলের দোকানের সামনে এক যুবককে কয়েকজন লাঠি ও লাথি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। কিছু দূর টেনে নিয়ে ইট দিয়ে আঘাত করা হয় তার পা ও শরীরে।
হামলার শিকার আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেছেন, চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই এই হামলা চালানো হয়েছে।
মতামত দিন