গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা: ৫ জন গ্রেপ্তার।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে খুন হয়েছেন স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, তদন্তে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে,ঘটনাস্থলে এক তরুণীকে মারধর করছিলেন এক যুবক। তখন ৬-৭ জন ধারালো অস্ত্র হাতে ওই যুবকের পেছনে ছুটে যায়। এই ঘটনার ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি নজরে পড়তেই তাকেও টার্গেট করে হামলাকারীরা।
প্রাণ বাঁচাতে দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। কিন্তু দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের হাতে চাপাতি, রামদা, ছুরি ছিল। তুহিনকে বাঁচাতে গেলে একজন দোকানিকে হুমকিও দেয় তারা।
নিহত তুহিন (৩২) ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ওষুধ কোম্পানির সেলস প্রতিনিধির কাজও করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান জানান, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন