অপরাধ
ছবি: সংগৃহীত

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে রাতের আঁধারে এক প্রাইভেটকারচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কে গোপালপুর মিলস হাইস্কুলের পাশে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাইদুর একটি প্রাইভেটকারে করে কুষ্টিয়া থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। গোপালপুর রেলগেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে জীবন বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করেন। কিন্তু কয়েক গজ যেতে না যেতেই সড়কের পাশে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। গাড়িতে থাকা একজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্রুতই বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

মতামত দিন