মৌলভীবাজার শহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ।
মৌলভীবাজার পৌর এলাকার শমশেরনগর রোডে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার কিছু পর এফ রহমান ট্রেডিং-এর মালিক শাহ ফয়েজুল রহমান রুবেল তার দোকানে কাজ করছিলেন, সে সময় হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
নিহত রুবেল মৌলভীবাজার শহরের সুপরিচিত ব্যবসায়ীদের একজন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুরে। শহরে ‘সদাইপাতি’ নামে পরিচিত একটি হার্ডওয়্যার দোকানের মালিক ছিলেন তিনি।
রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, দীর্ঘদিনের ব্যবসায়িক কর্মকাণ্ডে কারও সঙ্গে দ্বন্দ্ব হয়ে থাকতে পারে। তারা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, “আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”
নিহতের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেলে রাখা আছে। পুলিশ বলছে, এটি পূর্বপরিকল্পিত হামলা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন