অপরাধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ভাতিজার আঘাতে চাচা নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের হালুয়াঘাটে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত প্রাণহানিতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে ভাতিজার মারধরে চাচা মাহাবুল ইসলাম (৬০) মারা যান।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বাড়ির ভেতরে ঘর তোলাকে কেন্দ্র করে মাহাবুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের কথা-কাটাকাটি হয়। আবু বক্কর মাহাবুলকে নির্মাণ কাজ বন্ধ করতে বললে উভয়ের মধ্যে উত্তেজনা বাড়ে। এ সময় আবু বক্করের ছেলে জুনাইদ ঝগড়ায় জড়ান এবং চাচা মাহাবুলকে এলোপাতাড়ি মারধর করেন। মারপিটের একপর্যায়ে মাহাবুল মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে।

মতামত দিন