হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত মামলার এজাহারভুক্ত আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদকে গ্রেপ্তারের পর নাটকীয়ভাবে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে বানিয়াচং থানা পুলিশ। পরে তাকে নৌকায় করে থানায় নেওয়ার সময় বাড়ির সামনেই পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান তিনি। পালানোর সময়ও তার হাতে হাতকড়া ছিল।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে এলাকার কয়েকটি গ্রাম ঘিরে অভিযান চালানো হয়, তবে রাত পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে সে নৌকা থেকে পানিতে লাফ দেয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সে জীবিত না মৃত—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বানিয়াচং থানার সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। ওই ঘটনাকে ঘিরেই হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল, যা জেলার ইতিহাসে অন্যতম বড় ও আলোচিত একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত।
মতামত দিন