নাটোর সুগার মিলসে সংঘবদ্ধ ডাকাতি, গার্ডদের বেঁধে লুট যন্ত্রাংশ।
নাটোরে রাষ্ট্রায়ত্ত চিনিকলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে ৪০ থেকে ৫০ জনের একটি মুখোশধারী ডাকাত দল নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে কারখানার মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার মধ্যে নাটোর সুগার মিলস লিমিটেডে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় সুযোগ নিয়ে ট্রাকযোগে ডাকাতদল মিল এলাকায় প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে ১২ জন গার্ডকে বয়লার সেকশনের একটি কক্ষে আটকে ফেলে এবং হাত-পা বেঁধে ফেলে। এরপর কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি খুলে ট্রাকে তোলে এবং দ্রুত সটকে পড়ে।
ভোরে অন্য একটি প্রহরী দল কর্তব্যে যোগ দিলে তারা জিম্মি অবস্থায় সহকর্মীদের দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে মিল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নিরাপত্তাকর্মীদের মিলের ভেতরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাছুর রহমান বলেন, “ডাকাতির ঘটনা সত্য। ঠিক কী পরিমাণ যন্ত্রপাতি খোয়া গেছে, তা নির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা কারখানায় যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা মিলের অনেক মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে। কী কী লুট হয়েছে, সে তালিকা প্রস্তুত হচ্ছে। ঘটনাটির পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

মতামত দিন