অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি,স্ত্রীসহ ৬জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের স্বামীকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে এক নারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী আব্দুর রহিমকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রহিমের স্ত্রী আকলিমা বেগমও রয়েছেন। পুলিশের দাবি, এই অপহরণের মূল পরিকল্পনাকারী তিনিই।অনেক দিন ধরে রহিম তার দ্বিতীয় স্ত্রী আকলিমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন। ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন আকলিমা। ফোনে ডেকে তাকে মির্জাপুরে আনার পর, সহযোগীদের দিয়ে স্বামীকে মারধর ও জিম্মি করেন তিনি।

অভিযোগ রয়েছে, রহিম বাসায় পৌঁছাতেই রাকিব হোসেন নামের এক তরুণের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি  তার ওপর হামলা চালায়। এরপর তার স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ‘মাদকবিরোধী কমিটির’ সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে মির্জাপুর থানা পুলিশ। তবে ওসি রাশেদুল ইসলাম বলেন, “তারা আসলে ওই পরিচয়ের আড়ালে নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আইনে মামলা হয়েছে।”

মতামত দিন