অপরাধ
ছবি: সংগৃহীত

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নামে চাঁদাবাজি, গ্রেফতার ১।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয় দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে ঢোকে।

বাড়ির মালিক লিয়াকত আলী জানান, তারা তার মেয়ের বিয়েকে বাল্যবিয়ে বলে দাবি করে ভয়ভীতি দেখাতে শুরু করে। একপর্যায়ে দুই নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার সময় বাড়িতে চিৎকার শুরু হলে স্থানীয়রা ছুটে এসে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

আটক যুবকের নাম সোহেল রানা (২৩), তিনি নয়াগোলা মহল্লার বাসিন্দা। তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। আহত দুই নারীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় লিয়াকত আলী বলেন, “আমার মেয়েকে শুক্রবার ছেলেপক্ষ দেখতে আসবে, সে খবর জানার  পরেই হয়তো তারা পরিকল্পনা করে হামলা চালায়।তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, বরং টাকা দাবি করে বসে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একটি মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, শহরে বেশ কিছুদিন ধরে এ ধরনের ভুয়া পরিচয়ে মানুষকে হয়রানি করার ঘটনা বাড়ছে। পুলিশের তদন্তে আরও নাম সামনে আসার আশঙ্কা রয়েছে

মতামত দিন