কয়রায় বন বিভাগের সঙ্গে কোস্টগার্ডের অভিযান: ৩২ কেজি হরিণের মাংস জব্দ।
কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের এক যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পাতাখালী গ্রামের পরিত্যক্ত জায়গা থেকে এ মাংস উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মাংস কাশিয়াবাদ বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বন্যপ্রাণী শিকার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, বন সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। তথ্যদাতাদের পুরস্কার দিয়ে শিকার কমানো সম্ভব হচ্ছে। মাংসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন