গুলশানে চাঁদাবাজি সাবেক ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে, ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার।
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) এর বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার মূল্যমানের চেক জব্দ করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রিয়াদ ও তার সহযোগীরা গত শনিবার গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়েন।অভিযুক্তদের মধ্যে আছেন ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. আমিনুল ইসলাম। তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে পুলিশের তথ্য।
রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় থাকেন। গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে তারা ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে আটক হন। এর আগে একই বাসা থেকে ১০ লাখ টাকা নেওয়া হয়েছিল।
এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩ জন সদস্যকে বহিষ্কার করে। পুলিশ চারজনকে ৭ দিনের রিমান্ডে নেয়। গ্রেফতারের পর সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাদে দেশের সব জেলা ও উপজেলা কমিটি স্থগিত রাখা হয়েছে।

মতামত দিন