রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৮৬ জন।
ঢাকা শহরে টহল ও চেকপোস্টভিত্তিক পুলিশের সমন্বিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১৮৬ জন। মাদক, ডাকাতি, চুরি ও প্রতারণাসহ নানা অভিযোগে এদের আটক করা হয়।
বুধবার (৩০ জুলাই) দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, জননিরাপত্তা জোরদারে রাজধানীর ৫০টি থানায় মোতায়েন করা হয় মোট ৪৭১টি টহল টিম—এর মধ্যে দিনে ২১২টি ও রাতে ২৫৯টি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয় ৬৬টি চেকপোস্ট।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ডাকাত ১ জন, চোর ৫ জন, মাদককারবারি ১৩ জন, প্রতারক ২ জন এবং পরোয়ানাভুক্ত ১২ জন। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০ হাজারের বেশি ইয়াবা, ১ কেজির বেশি গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও ১ গ্রাম হেরোইন। সঙ্গে ১১টি চোরাই মোবাইল, একটি বাস ও নগদ প্রায় ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ আলাদা অভিযানে ১২৩টি চোরাই মোবাইল ফোনসহ ৫ জনকে আটক করে। এ ছাড়া, ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের দুই সদস্য নিশাত ও রাসেলকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও।
গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা দাবি মামলায় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চেক, যার মোট মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫০টি থানায় মোট ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন এবং ১,০৬৮টি চুরির মামলা হয়েছে। বর্তমানে তদন্তাধীন মামলার সংখ্যা ৭ হাজার ৮১২টি। ট্রাফিক আইনের নানা লঙ্ঘনে দায়ের হয়েছে প্রায় ২,৮০০ মামলা। এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে।

মতামত দিন