মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা।
বরিশালের বাকেরগঞ্জে নিজের মাদকাসক্ত ছেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে থানায় হাজির হয়েছেন এক দম্পতি। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান গাজী (২০) ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম হত্যাকাণ্ডের পর নিজ থেকেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, হাসান দীর্ঘদিন ধরে মাদকে জড়িয়ে ছিলেন এবং প্রায়শই পরিবারের কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিনও টাকা না পেয়ে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে বাধা দিলে মা-বাবার সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় পিতা লোহার পাইপ দিয়ে ছেলেকে মারধর করেন, যা তার মৃত্যু ডেকে আনে।
পরে জাফর গাজী ও তার স্ত্রী বাকেরগঞ্জ থানায় গিয়ে জানান, ‘আমরা আমাদের ছেলেকে মেরে ফেলেছি।’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়,যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত দম্পতির জবানবন্দির ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মতামত দিন