অপরাধ
ছবি: সংগৃহীত

রূপগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে গুলি করে হত্যাচেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না দেয়ায় শামসুদ্দাহা নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গুলি করে হত্যা  চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায়।

আহত শামসুদ্দাহা পিয়ার আলীর ছেলে, যিনি এলাকার জমি ও বাড়ি ভাড়া দিয়ে পরিবারের  চাহিদা চালান।

স্থানীয়দের ও স্বজনদের মতে,কর্ণগোপ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শামসুদ্দাহা ও তার ভাতিজা রিপনের সঙ্গে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদলের নেতা শফিকের বিরোধ লম্বা সময় ধরে চলছিল। এরই জেরে দুপক্ষের মধ্যে পূর্বে একটি মারামারির মামলাও চলমান রয়েছে।

স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে যুবদল নেতা শফিক পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন শামসুদ্দাহার কাছে। টাকা না দেয়ায় শামসুদ্দাহাকে হুমকি দেওয়া হয়। সোমবার রাতে কর্ণগোপ বাজার থেকে বাড়ি ফেরার পথে শফিক ও তার লোকজন শামসুদ্দাহার ওপর হঠাৎ হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় এবং পরে পায়ের দিকে গুলি করা হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ শামসুদ্দাহাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুপক্ষের পূর্ব বিরোধ রয়েছে এবং মামলাও চলমান। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে। ভিকটিম জানিয়েছেন তাকে কুপিয়ে জখম করা হয়েছে এবং পায়ে গুলি করা হয়েছে, যদিও গুলির প্রকৃত ক্ষতি নিশ্চিত নন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মতামত দিন