অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ভুয়া র‍্যাবের ডাকাতি ও অপহরণ, ৫জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দায় র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে অপহরণ ও ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় উদ্ধার করা হয়েছে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, অস্ত্র সদৃশ গ্যাস  লাইটসহ একটি মাইক্রোবাস এবং ভুক্তভোগী দুই ভাইকেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, সাতক্ষীরার বাসিন্দা জয়দেব আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭) জুয়েলারি পণ্যের ব্যবসায় জড়িত। সোমবার তাঁতীবাজার থেকে মালামাল কিনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে বাড়ির পথে রওনা দেন। ফরিদপুরের জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের বহনকারী বাস থামিয়ে দেয়। ‘র‍্যাব’-এর পোশাক পরা কয়েকজন উঠে দুই ভাইকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয় এবং চোখ বেঁধে নগদ টাকা, মালামাল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে র‍্যাব-১০ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা হলেন—দিদার (২৯), সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।

পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতা সাইফুল ও স্বপনকে ধরে গণপিটুনি দেয়। পরে র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

অভিযানে জব্দ করা হয়—র‍্যাবের নাম লেখা চারটি জ্যাকেট, তিনটি ক্যাপ, দুটি হাতকড়া, স্টেনগান, গ্যাস লাইট সদৃশ পিস্তল, দুইটি ওয়াকিটকি, পিস্তলের কভার ও একটি মাইক্রোবাস।

র‍্যাব জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা—দিদারের বিরুদ্ধে আটটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জামিলের বিরুদ্ধে রয়েছে একটি হত্যা মামলা এবং স্বপনের বিরুদ্ধে চারটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১০-এর অধিনায়ক বলেন, বাসে যাত্রার আগে ভিডিও ধারণ ও সিসিটিভি স্থাপন এবং সন্দেহজনক পরিচয়ের ক্ষেত্রে ৯৯৯-এ কল করাই হতে পারে এমন অপরাধ রোধের কার্যকর উপায়।

মতামত দিন