অপরাধ
ছবি: সংগৃহীত

মেঘনায় বালুমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, শীর্ষ সন্ত্রাসী শ্যুটার মান্নান নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালু তোলার ঘাট দখলকে কেন্দ্র করে সোমবার সকালে প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্থানীয়ভাবে পরিচিত এক দুর্ধর্ষ সন্ত্রাসী, আব্দুল মান্নান ওরফে শ্যুটার মান্নান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইমামপুর ও গুয়াগাছিয়া ইউনিয়নের মাঝামাঝি নদীর ওই ঘাটটি বহুদিন ধরে নিয়ন্ত্রণে রেখেছিল নয়ন-পিয়াস নামের একটি নৌপথ-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকার আরেক দল, লালু গ্রুপ ঘাটটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। এর জেরে সোমবার ভোরে নদীতে মুখোমুখি অবস্থানে যায় দুই গ্রুপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হয় ফজরের পরপরই। প্রথমে লালু গ্রুপ নদীপথে গিয়ে নয়ন-পিয়াস গ্রুপকে চ্যালেঞ্জ করে। পাল্টা জবাবে নয়ন-পিয়াস গ্রুপ কয়েকটি ট্রলারে করে এসে গুলি চালায়। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এতে শ্যুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও কয়েকজন।

গজারিয়া নৌ-পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহ একটি ট্রলারে পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। মান্নান পূর্বে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি দল পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে  এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন