অপরাধ
ছবি: সংগৃহীত

গেন্ডারিয়ায় রিকশা মালিককে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গেন্ডারিয়ায় স্থানীয় একটি চক্রের হামলায় আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে একজন  অটোরিকশা মালিক নিহত হয়েছেন। পূর্ব বিরোধের জেরে এই হামলা হয় বলে অভিযোগ পরিবারের।

রোববার সকাল পৌনে ৮টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার নিয়ে তিনি গেন্ডারিয়ার মীরহাজীরবাগ এলাকায় ভাড়া থাকতেন।

তার স্ত্রী আয়েশা বেগম জানান, শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী—রবিন, শাহীন, মাসুদ ও কাদের—চাপাতি নিয়ে হামলা চালায়। আরিফুলের মাথা, হাত ও পায়ে একাধিক কোপ দেয় তারা। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন বলেন, “নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”

এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। গেন্ডারিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে,  হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

মতামত দিন