অনিয়মের অভিযোগে কসবায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। পেশাগত দায়িত্বে অবহেলা, নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মসহ ১৭ দফা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ জুলাই অনুষ্ঠিত সভায় অভিযোগগুলো আলোচনায় আসে এবং ওইদিনই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি কোনো জবাব দেননি।
পরিচালনা কমিটির সভাপতি জানান, নিরীক্ষা কমিটির তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের প্রমাণ মিলেছে। এসবের পরিপ্রেক্ষিতে বিধিমালা অনুসারে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ যাচাইয়ে কসবার ইউএনও মো. ছামিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জহীরুল ইসলাম বলেছেন, “১৭টি অভিযোগের জবাব ১০ কর্মদিবসে দেওয়া বাস্তবসম্মত নয়। আমি সময় চেয়েছি। এটি একটি চক্রান্তের অংশ।” তিনি দাবি করেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এবং তিনি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বরখাস্তের আগে তদন্ত কমিটি গঠনের বিধান রয়েছে, যা অনুসরণ না করায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “আমাকে পরে জানানো হয়েছে। নিয়ম অনুসারে আগেই তদন্ত কমিটি গঠনের কথা।”
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর নেওয়া হবে বলে জানা গেছে।

মতামত দিন