দুই দিনে রাজধানীতে ৩,৫৭২ ট্রাফিক মামলা, ডিএমপির কঠোর অভিযান।
ঢাকায় সড়কে শৃঙ্খলা আনতে আবারও কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত দুই দিনে রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত বিশেষ অভিযানে ট্রাফিক আইন অমান্যের দায়ে ৩ হাজার ৫৭২টি মামলা দায়ের করেছে সংস্থাটি।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ জুলাই) সড়কে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। অভিযানে নির্ধারিত নিয়ম না মানায় ৫১০টি গাড়িকে ডাম্পিং জোনে পাঠানো হয় এবং ২২৮টি গাড়ি রেকার করে সরিয়ে নেওয়া হয়।
ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মামলা, জরিমানা ও যানবাহন অপসারণসহ নানা পদক্ষেপে নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে ইতিবাচক বললেও অনেকে অভিযোগ করেছেন হয়রানির।
ডিএমপি বলছে, নিয়মিত নজরদারির মাধ্যমে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই তাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
এদিকে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট না পরা ও ফিটনেসবিহীন যান চলাচলের মতো গুরুতর অপরাধগুলোকে।
নগরবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযান এবং জনসচেতনতার মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
মতামত দিন