আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের পর বিএনপি অফিসে ককটেল হামলার অভিযোগ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুখলেস মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ বিস্ফোরণ ঘটে। পরদিন সকালে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এর আগে, বুধবার (২৩ জুলাই) সকালে গোমস্তাপুরের নয়াদিয়াড়ী থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে এবং নিমতলা কাঠাল মাদরাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে আটক করে পুলিশ।
বিএনপির স্থানীয় নেতারা বলছেন, গ্রেফতারের ঘটনার জের ধরে আওয়ামী লীগের লোকজন পরিকল্পিত ভাবে বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ করেছে। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহম্মেদ জানান, “ক্লাবঘরটি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছিল। গভীর রাতে ওই হামলা হয়।”
ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান আলীর ভাষ্য, “দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আওয়ামী লীগ। নেতাদের গ্রেফতারের পর ওই বিস্ফোরণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা যাচ্ছে। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, “একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন