অপরাধ
ছবি: সংগৃহীত

আদালতে হাজিরা দিতে এসে প্রিজনভ্যানে আবেগে ভেঙে পড়লেন সাবেক প্রতিমন্ত্রী পলক।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুলিশের প্রিজনভ্যানে ওঠার পর সহমর্মিতা জানাতে আসা নিজ এলাকার কয়েকজন মানুষকে দেখে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও প্রতিবেদন না আসায় আদালত পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে।

কারাগার থেকে আদালতে আনা হলে, নিরাপত্তার স্বার্থে পলকের মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। তার হাতে ছিল হাতকড়া। তবে প্রিজনভ্যানে তোলার সময় হেলমেট ও হাতকড়া খুলে নেওয়া হয়।

সেই মুহূর্তে নাটোর থেকে আসা কিছু সমর্থক পলকের দিকে এগিয়ে আসেন। কেউ কেউ সান্ত্বনার সুরে বলেন, ‘আপনার জন্য আমরা দোয়া করি।’ উত্তরে পলকও বলেন, ‘আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।’ তবে কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠছিল।

পরে এক পর্যায়ে তাকে দেখা যায়, প্রিজনভ্যানের ছোট লোহার জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজ এলাকার লোকজনকে লক্ষ্য করে কাঁদতে।আশপাশের অনেকে তাকে সান্ত্বনা দিলেও চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, পলক ভাই প্রিজনভ্যানে ওঠার পর স্বাভাবিক ছিলেন, কিন্তু এলাকার মানুষদের মুখ দেখে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন।

ঘটনার পর হাজতখানার এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং কিছুক্ষণ পর প্রিজনভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে রওনা দেয়।

এদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, সাবেক প্রতিমন্ত্রী পলক আত্মগোপনে চলে যান। ওই বছরের ১৫ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মতামত দিন