অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকার কদমতলী এলাকায় ১৫ বছর আগে মা-মেয়েকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার কদমতলী এলাকায় ২০১০ সালে মা-মেয়েকে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২০ জুলাই) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—আল-আমিন ও মিরাজ মোল্লা। রায়ে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও  দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওলিউল ইসলাম তুষার জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা জারির পর তাদের কারাগারে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের বিবরণ অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে ২০১০ সালের ৭ মে রাতে কদমতলীর পলাশপুর এলাকায় ইয়াসমিন আলম ও তার কন্যা ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস ও হাত-পা বেঁধে হত্যা করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ এ.কে.এম শাহ ই আলমের আগের পক্ষের ছেলে নুরুল আলম ও তার সহযোগী আল-আমিন এবং মিরাজকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। ২০২২ সালের জানুয়ারিতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

এদিকে নুরুল আলমের বয়স ঘটনার সময় ১৪ বছর ছিল বলে প্রমাণিত হওয়ায় তার বিচার শিশু আদালতে স্থানান্তর করা হয়, যা এখনও চলমান।

মূল মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক ও আত্মপক্ষ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

মতামত দিন